স্টাফ রিপোর্টার ঃ ৪ অক্টোবর ২০২৬ , ১২:৫২:৫২ প্রিন্ট সংস্করণ
৫৩তম গ্রীষ্মকালীন সাঁতার (ছাত্র-ছাত্রী) প্রতিযোগিতা অনুষ্ঠিত হয়েছে। রবিবার (৪ সেপ্টেম্বর) সকালে ময়মনসিংহ সুইমিং কমপ্লেক্সে মাধ্যমিক ও উচ্চ মাধ্যমিক শিক্ষা বোর্ড, ময়মনসিংহের আয়োজনে এবং মাধ্যমিক ও উচ্চ মাধ্যমিক ময়মনসিংহ অঞ্চলের ব্যবস্থাপনায় এ প্রতিযোগিতা অনুষ্ঠিত হয়।
পদ্ম অঞ্চলের সাঁতার প্রতিযোগিতার উদ্বোধন করেন এবং প্রতিযোগিতা শেষে পুরস্কার বিতরণ করেন অনুষ্ঠানের প্রধান অতিথি ময়মনসিংহ উন্নয়ন কর্তৃপক্ষের (মউক) চেয়ারম্যান মোতাহার হোসেন তালুকদার। এসময় তিনি বলেন, আমাদের নদীমাতৃক দেশে প্রত্যেকেরই সাঁতার শেখার প্রয়োজন রয়েছে। আমাদের অনেক নদীনালা রয়েছে। নৌকায় চলাচলা করতে হয় এবং নদী পার হতে হয়। এতে অনেক সময় দুর্ঘটনা কবলিত হয়। তাই সাঁতার জানা থাকলে বিপদ থেকে উদ্ধার পাওয়া যায়। তিনি আরও বলেন, আমাদের সন্তানদের সাঁতার শেখানো প্রয়োজন। এ বিষয়ে অভিবাবকদের সচেতন হতে হবে এবং তাদের বাচ্চাদের সাঁতার শেখাতে হবে। তিনি আরও বলেন, আমরা মাননীয় প্রধানমন্ত্রীর নির্দেশনা মেনে খেলাধুলা পরিচালনা করব এবং আমাদের তরুণ ও যুবসমাজকে মাঠে রাখব। তিনি আরও বলেন, মাননীয় প্রধানমন্ত্রী ছাত্র ও যুবসমাজকে মাদক থেকে দুরে রাখার জন্য খেলাধুলার উদ্যোগ গ্রহণ করেছেন। এরই ধারাবাহিকতায় সারা দেশব্যাপী মাঠ পর্যায়ে খেলাধুলা শুরু হয়েছে। এতে করে তারা মাদক, সন্ত্রাস থেকে দুরে থাকবে এবং শারীরিক ও মানসিক ভাবে সুন্দর হয়ে গড়ে উঠবে।
মাধ্যমিক ও উচ্চ মাধ্যমিক ময়মনসিংহ অঞ্চলের উপ-পরিচালক মোহাঃ নাসির উদ্দীন এর সভাপতিত্বে অনুষ্ঠানে বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন জেলা ক্রীড়া অফিসার আল আমিন। অনুষ্ঠানের শুরুতেই স্বাগত বক্তব্য রাখেন জেলা মাধ্যমিক শিক্ষা অফিসার মোহছিনা খাতুন। এসময় শিক্ষা বোর্ডের কর্মকর্তা, বিভিন্ন শিক্ষাপ্রতিষ্ঠানের শিক্ষক, শিক্ষার্থী, অভিবাবক, ক্রীড়া সংশ্লিষ্ট ব্যক্তিবর্গ, প্রতিযোগী শিক্ষার্থী সহ স্থানীয় গণ্যমান্য ব্যক্তিবর্গ উপস্থিত ছিলেন।

















