শিক্ষাঙ্গন সংবাদ

নজরুল বিশ্ববিদ্যালয়ে বিজ্ঞান ও প্রকৌশল অনুষদের গবেষণা প্রকল্প ২০২৫-২৬ অর্থবছরের সেমিনার অনুষ্ঠিত

  নজরুল বিশ্ববিদ্যালয়, ত্রিশাল : ৩ আগস্ট ২০২৬ , ১২:৩৯:১৩ প্রিন্ট সংস্করণ

জাতীয় কবি কাজী নজরুল ইসলাম বিশ্ববিদ্যালয়ের বিজ্ঞান ও প্রকৌশল অনুষদের আয়োজনে ২০২৫-২০২৬ অর্থবছরের গবেষণা প্রকল্প সেমিনার অনুষ্ঠিত হয়। বিশ্ববিদ্যালয়ের পুরনো প্রশাসনিক ভবনের কনফারেন্স কক্ষে ০৩ আগস্ট ২০২৬ তারিখ সোমবার সকালে এই সেমিনারের উদ্বোধনী পর্ব অনুষ্ঠিত হয়। সেমিনারের উদ্বোধনী পর্বে প্রধান অতিথি হিসেবে বক্তব্য রাখেন বিশ্ববিদ্যালয়ের মাননীয় উপাচার্য প্রফেসর ড. মোহাম্মদ মোশারফ হোসেন।
প্রধান অতিথি হিসেবে বক্তব্যে মাননীয় উপাচার্য প্রফেসর ড. মোহাম্মদ মোশারফ হোসেন বলেন, ‘গবেষণা একটি বিশ্ববিদ্যালয়ের উৎকর্ষতার মানদণ্ড। তাই বিশ্ববিদ্যালয়কে এগিয়ে নিতে গবেষণার কোন বিকল্প নাই। আধুনিক বিজ্ঞানের যুগে বিজ্ঞান ও প্রকৌশল অনুষদের গুরুত্ব অত্যন্ত তাৎপর্যপূর্ণ। বিজ্ঞানে যে দেশ যত এগিয়ে সে দেশ তত এগিয়ে। তবে এই বিশ্ববিদ্যালয়ের বিজ্ঞান ও প্রকৌশল অনুষদ অনেকটা অবহেলিত। সমসাময়িক বিশ্ববিদ্যালয়গুলোতে বিজ্ঞান অনুষদে অনেক বিষয় চালু রয়েছে, অথচ এই বিশ্ববিদ্যালয়ে এখনো বিজ্ঞানের বেসিক বিষয়গুলোই চালু করা হয় নি। বিজ্ঞানের বেসিক বিষয়গুলো চালুর জন্য ইতোমধ্যেই পদক্ষেপ নিয়েছি, আশা করি দ্রুত বিষয়গুলো চালু করা সম্ভব হবে।’
তিনি আরও বলেন, ‘গবেষণাকে উৎসাহিত করতে আমাদের বিশ্ববিদ্যালয়ের প্রতি অনুষদে শ্রেষ্ঠ গবেষককে আমরা পুরস্কৃত করবো। প্রতি অনুষদের শ্রেষ্ঠ গবেষককে নগদ অর্থ, সম্মাননা ক্রেস্ট এবং সনদপত্র প্রদান করা হবে।’ তবে শুধু সংখ্যা না বাড়িয়ে মানসম্মত প্রবন্ধ প্রকাশ এবং নিজ নিজ প্রোফাইল বিশ্ববিদ্যালয়ের ওয়েবসাইটে আপডেট করতে উপস্থিত গবেষকদের প্রতি আহ্বান জানান মাননীয় উপাচার্য।
সেমিনারের উদ্বোধনী পর্বে বিশেষ অতিথি হিসেবে বক্তব্য রাখেন বিশ্ববিদ্যালয়ের কলা অনুষদের ডিন প্রফেসর ড. মোহাম্মদ ইমদাদুল হুদা এবং গবেষণা ও সম্প্রসারণ কেন্দ্রের পরিচালক ড. মো. হাবিবুর রহমান। সভাপতি হিসেবে বক্তব্য রাখেন বিজ্ঞান ও প্রকৌশল অনুষদের ডিন প্রফেসর ড. এ এইচ এম কামাল। এছাড়া বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন ব্যবসায় প্রশাসন অনুষদের ডিন প্রফেসর ড. সাখাওয়াত হোসেন সরকার, চারুকলা অনুষদের ডিন প্রফেসর ড. মুহাম্মদ এমদাদুর রাশেদ (রাশেদ- সুখন) এবং আইন অনুষদের ডিন মুহাম্মদ ইরফান আজিজ। স্বাগত বক্তব্য রাখেন কম্পিউটার সায়েন্স এন্ড ইঞ্জিনিয়ারিং বিভাগের সহযোগী অধ্যাপক ড. মাহবুবুন নাহার।
রিসোর্স পার্সন হিসেবে উপস্থিত ছিলেন চট্টগ্রাম বিশ্ববিদ্যালয়ের ইলেকট্রিক্যাল এন্ড ইলেকট্রনিক ইঞ্জিনিয়ারিং বিভাগের প্রফেসর ড. হাসান খালেদ রউফ, বাংলাদেশ কৃষি বিশ্ববিদ্যালয়ের ইনস্টিটিউট অব এনভায়রনমেন্টাল সায়েন্স এন্ড ডিজাস্টার ম্যানেজমেন্ট বিভাগের প্রফেসর ড. মো. বদিউজ্জামান খান এবং মাওলানা ভাসানী বিজ্ঞান ও প্রযুক্তি বিশ্ববিদ্যালয়ের তথ্য ও যোগাযোগ প্রযুক্তি বিভাগের প্রফেসর ড. সাজ্জাদ ওয়াহিদ। সঞ্চালনায় ছিলেন ইলেকট্রিক্যাল এন্ড ইলেকট্রনিক ইঞ্জিনিয়ারিং বিভাগের সহযোগী অধ্যাপক ড. মো. মাহবুবুর রহমান। অন্যান্যের মধ্যে উপস্থিত ছিলেন বিজ্ঞান ও প্রকৌশল অনুষদের শিক্ষক ও শিক্ষার্থীবৃন্দ।
উল্লেখ্য বাংলাদেশ বিশ্ববিদ্যালয় মঞ্জুরী কমিশন (ইউজিসি)- এর অর্থায়ণে জাতীয় কবি কাজী নজরুল ইসলাম বিশ্ববিদ্যালয়ের বিজ্ঞান ও প্রকৌশল অনুষদের ২০২৫-২০২৬ অর্থবছরে গবেষণা প্রকল্পগুলোর সেমিনার অনুষ্ঠিত হয়। বিজ্ঞান ও প্রকৌশল অনুষদের মোট ২৪টি গবেষণা প্রকল্পের সেমিনার অনুষ্ঠিত হয়।

আরও খবর

Sponsered content