স্টাফ রিপোর্টার ঃ ১১ অক্টোবর ২০২৬ , ১:১১:০৫ প্রিন্ট সংস্করণ
বেসামরিক বিমান পরিবহন ও পর্যটন মন্ত্রী এম রশিদুজ্জামান মিল্লাত এমপি বলেছেন মাননীয় প্রধানমন্ত্রী তারেক রহমান বাংলাদেশকে উন্নতর বাংলাদেশের দিকে নিয়ে যেতে চান। সে জন্য তিনি একটি প্লেন দিয়েছেন যে প্লেনের মাধ্যমে শিক্ষার্থীরা শিক্ষার মান এবং আমাদেরদেশের প্রত্যন্ত অঞ্চলে বঞ্চিত মেধাবীদের খুঁজে বের করে সামনে এগিয়ে নেওয়াও এ পরিকল্পনার অংশ। এ জন্য তিনি পরিকল্পনা নিয়ে কাজ করছেন। রবিবার (১১ অক্টোবর) সকাল ১১ টায় নগরীর বাইপাস সংলগ্ন সারিন্দা সবারি রিসোর্টে চত্বরে ময়মনসিংহ সিটি কর্পোরেশনের অভ্যন্তরীণ শিক্ষা প্রতিষ্ঠানসমূহ হতে-২০২৬ সালের এস.এস.সি ও সমমান পরীক্ষায় জিপিএ-৫ প্রাপ্ত কৃতি শিক্ষার্থীদের সৃষ্টি সুখের উল্লাসে সংবর্ধনা প্রদান অনুষ্ঠানে প্রধান অতিথির বক্তব্যে তিনি এসব কথা বলেন।
কৃতী শিক্ষার্থীদের উদ্দেশে মন্ত্রী বলেন, তোমরা সবাই মেধাবী। তোমরাই আগামী বাংলাদেশের উজ্জ্বল ভবিষ্যৎ। তোমাদের মেধা ও যোগ্যতা দেশের সমৃদ্ধিতে ভূমিকা রাখবে। প্রধানমন্ত্রী তারেক রহমানের নেতৃত্বে সবাইকে ঐক্যবদ্ধভাবে এগিয়ে যেতে হবে। দেশে কোনো ধরনের বিশৃঙ্খলাকারীকে প্রশ্রয় দেওয়া যাবে না। বাংলাদেশকে উন্নতির শিখরে নিতে সবার সহযোগিতা প্রয়োজন।
ময়মনসিংহের ত্রিশালে আন্তর্জাতিক মানের বিমানবন্দর নির্মাণ করা হবে বলে জানিয়ে বলেন,
আমি চাই বিমান শুধু ৩৫টা না, আমাদের ছেলেমেয়েরা যেভাবে উন্নত হচ্ছে, আমাদের ছেলেমেয়েরা যেভাবে বিকশিত হচ্ছে, মেধা অনুযায়ী আমি চাই এই দেশে বিমান থাকবে ২০০টিরও বেশি। এসব উড়োজাহাজ দেশে আসতে প্রায় ১০ বছর সময় লাগবে। ২০৩১ সাল থেকে পর্যায়ক্রমে উড়োজাহাজ আসা শুরু হবে এবং ২০৩৬ থেকে ২০৩৭ সাল পর্যন্ত সেগুলো দেশে পৌঁছাবে। তিনি বলেন, বর্তমানে দেশের বহরে থাকা উড়োজাহাজগুলো একসময় পুরোনো হয়ে যাবে। তখন বিমান পরিবহন ব্যবস্থা সচল রাখা এবং ভবিষ্যতের চাহিদা পূরণে নতুন উড়োজাহাজ প্রয়োজন হবে। এ কারণে এখন থেকেই দীর্ঘমেয়াদি পরিকল্পনা নিয়ে এগিয়ে যেতে হবে। বিমান পরিবহন খাতের পাশাপাশি পর্যটনশিল্পের বিকাশে নেত্রকোণার বিরিশিরিকে জাতীয় পর্যায়ের পর্যটনকেন্দ্র হিসেবে গড়ে তোলার উদ্যোগ নেওয়ার কথাও জানান তিনি। বৃহত্তর ময়মনসিংহের উন্নয়ন, কর্মসংস্থান সৃষ্টি এবং অবকাঠামোগত অগ্রগতিতে জনপ্রতিনিধিদের সঙ্গে নিয়ে কাজ করার প্রত্যয় ব্যক্ত করেন মন্ত্রী।
ময়মনসিংহ সিটি কর্পোরেশনের প্রশাসক মোঃ রুকুনোজ্জামান রোকন এর সভাপতিত্বে অনুষ্ঠানে বিশেষ অতিথি হিসেবে বক্তব্য রাখেন তথ্য ও সম্প্রচার প্রতিমন্ত্রী ইয়াসের খান চৌধুরী এমপি, ময়মনসিংহ-৪ সদর আসনের সংসদ সদস্য মোঃ আবু ওয়াহাব আকন্দ ওয়াহিদ, ময়মনসিংহ-৫ মুক্তাগাছা আসনের সংসদ সদস্য মোঃ জাকির হোসেন বাবলু, ময়মনসিংহ-৮, ঈশ্বরগঞ্জ আসনের সংসদ সদস্য লুৎফুল্লাহেল মাজেদ প্রমুখ।
ময়মনসিংহ সিটি কর্পোরেশনের পরিবহন বিভাগের মহাব্যবস্থাপক মোহাম্মদ রাজীব-উল-আহসান এর সঞ্চালনায় সংবর্ধনা অনুষ্ঠানে আরো বক্তব্য রাখেন প্রধান নির্বাহী কর্মকর্তা (ভারপ্রাপ্ত) সুমনা আল মজীদ, প্রধান ভান্ডার ও ক্রয় কর্মকর্তা এ এইচ এম আরিফুল ইসলাম, প্রধান প্রকৌশলী মোঃ রফিকুল ইসলাম মিঞা সহ অন্যান্য কর্মকর্তা বৃন্দ। অনুষ্ঠান শেষে জিপিএ-৫ পাওয়া ১ হাজার ২০০ কৃতী শিক্ষার্থীর হাতে ক্রেস্ট ও উপহারসামগ্রী তুলে দেন অতিথিরা। এসময় সিটি কর্পোরেশনের কর্মকর্তা, জিপিএ-৫ প্রাপ্ত শিক্ষার্থীরা, শিক্ষক, অভিবাবক, বিএনপি ও অংগ সহযোগী সংগঠনের নেতৃবৃন্দ সহ বিভিন্ন প্রিন্ট ও ইলেকট্রনিক মিডিয়ার সাংবাদিক বৃন্দ উপস্থিত ছিলেন। বিকেলে দ্বিতীয় পর্বে সেমিনার অনুষ্ঠিত হয়।

















