স্টাফ রিপোর্টার ঃ ২৬ অক্টোবর ২০২৬ , ২:০৩:৫১ প্রিন্ট সংস্করণ
ক্লিন সানডে কর্মসূচির মাধ্যমে শিক্ষা প্রতিষ্ঠানে শিক্ষার্থী, শিক্ষক ও অভিভাবকদের সম্মিলিত অংশগ্রহণে পরিচ্ছন্নতা ও সচেতনতার সংস্কৃতি গড়ে তোলার ধারাবাহিকতায় ডিসি’স অ্যাওয়ার্ড ফর ক্লিনলিনেস অক্টোবর-২০২৬ প্রদান করা হয়েছে। রবিবার (২৫ অক্টোবর) জেলা প্রশাসকের কার্যালয় সম্মেলন কক্ষে আয়োজিত অনুষ্ঠানে জেলার প্রতিটি উপজেলা থেকে ১টি করে মোট ১৪টি শিক্ষা প্রতিষ্ঠানকে এই ডিসি’স অ্যাওয়ার্ড ফর ক্লিনলিনেস সেপ্টেম্বর প্রদান করা হয়। পাশাপাশি, স্বীকৃতিপ্রাপ্ত প্রতিটি শিক্ষা প্রতিষ্ঠানের পরিচ্ছন্নতা কার্যক্রমকে আরও গতিশীল ও কার্যকর করতে উপহারস্বরূপ ডাস্টবিন, বেলচাসহ প্রয়োজনীয় পরিচ্ছন্নতা সরঞ্জামাদি প্রদান করা হয়। একইসঙ্গে নেতৃত্ব, উদ্যোগ ও সুসমন্বয়ের মাধ্যমে শিক্ষা প্রতিষ্ঠানে ক্লিন সানডে সহ সার্বিক পরিচ্ছন্নতা কার্যক্রম সফলভাবে বাস্তবায়নে বিশেষ অবদানের স্বীকৃতিস্বরূপ ডিসি’স অ্যাওয়ার্ড ফর ক্লিনলিনেস অর্জন করেছেন ময়মনসিংহ সদর উপজেলার নির্বাহী অফিসার মোঃ আরিফুল ইসলাম। জেলা প্রশাসক মোঃ সাইফুর রহমান এ সন্মাননা প্রদান করেন। এসময় অতিরিক্ত জেলা প্রশাসক (সার্বিক) রেজা মোঃ গোলাম মাসুম প্রধান, অতিরিক্ত জেলা প্রশাসক (শিক্ষা ও আইসিটি) আসাদুজ্জামান সহ অন্যান্য কর্মকর্তা বৃন্দ উপস্থিত ছিলেন।
অক্টোবর মাসে ক্লিন সানডে কর্মসূচিতে স্বীকৃতিপ্রাপ্ত সেরা ১৪টি শিক্ষা প্রতিষ্ঠান হলোঃ-ফুলপুর পাইলট বালিকা উচ্চ বিদ্যালয়। (ফুলপুর), খায়রুল্লাহ সরকারি বালিকা উচ্চ বিদ্যালয়। (গফরগাঁও), সায়েরা সাফায়েত স্কুল এন্ড কলেজ। (ভালুকা), বারোয়ামারী উচ্চ বিদ্যালয়। (গৌরীপুর), দুল্লা উচ্চ বিদ্যালয়, মুক্তাগাছা, কান্দিপাড়া আলিমুন্নেচ্ছা গার্লস স্কুল এন্ড কলেজ। (দক্ষিণ গফরগাঁও), ক্যান্টনমেন্ট পাবলিক স্কুল এন্ড কলেজ (সদর), নান্দাইল রোড সরকারি প্রাথমিক বিদ্যালয় (নান্দাইল), বিশ্বেশ্বরী প্রাথমিক বিদ্যালয়, ঈশ্বরগঞ্জ, বিয়ারা পাটুলী রহমত উল্লাহ উচ্চ বিদ্যালয় (ত্রিশাল), ধাইরপাড়া উচ্চ বিদ্যালয় (ধোবাউড়া), মোজাহারদি উচ্চ বিদ্যালয় (তারাকান্দা), ডিএস আলিম মাদ্রাসা (হালুয়াঘাট), জনতা উচ্চ বিদ্যালয় (ফুলবাড়ীয়া)। “যেখানে আমি, সেখানেই পরিচ্ছন্নতা” এই প্রত্যয়ে ময়মনসিংহকে পরিচ্ছন্ন, সবুজ ও বাসযোগ্য জেলা হিসেবে গড়ে তোলার অঙ্গীকারে ক্লিন সানডে কার্যক্রম অব্যাহত থাকবে।

















