সারাদেশ

ময়মনসিংহে প্রাতিষ্ঠানিক পুকুর ও উন্মুক্ত জলাশয়ে পোনা মাছ অবমুক্ত

  স্টাফ রিপোর্টার ঃ ২ সেপ্টেম্বর ২০২৬ , ৩:২৬:১৫ প্রিন্ট সংস্করণ

২০২৬-২০২৭ অর্থবছরের রাজস্ব বাজেটের আওতায় প্রাতিষ্ঠানিক পুকুর ও উন্মুক্ত জলাশয়ে পোনা মাছ অবমুক্ত করা হয়েছে। বুধবার (২ সেপ্টেম্বর) ময়মনসিংহ নগরীর কাচিঝুলি ঈদগাহ মাঠ সংলগ্ন পুকুরে মাছের পোনা অবমুক্ত করা হয়। পোনা মাছ অবমুক্তকরণ কার্যক্রম-২০২৬ অনুষ্ঠানে প্রধান অতিথি হিসেবে উপস্থিত থেকে পোনা মাছ অবমুক্ত করেন ময়মনসিংহ-৪ (সদর) আসনের সংসদ সদস্য আবু ওয়াহাব আকন্দ ওয়াহিদ। এসময় তিনি বলেন, দেশের মৎস্যসম্পদ রক্ষায় সরকারি উদ্যোগের পাশাপাশি প্রাতিষ্ঠানিক পুকুর ও উন্মুক্ত জলাশয়ের যথাযথ ব্যবহার নিশ্চিত করা প্রয়োজন। অবৈধভাবে মাছ শিকার, জলাশয় দূষণ এবং পোনা মাছ নিধন বন্ধে সবাইকে সচেতন হওয়ার আহ্বান জানানো হয়। তিনি আরও বলেন, জলাশয়ে নিয়মিত পোনা মাছ অবমুক্ত করার পাশাপাশি মাছের নিরাপদ প্রজনন ও বেড়ে ওঠার পরিবেশ নিশ্চিত করা গেলে স্থানীয় পর্যায়ে মৎস্য উৎপাদন আরও বাড়ানো সম্ভব। এতে একদিকে যেমন আমিষের চাহিদা পূরণে সহায়তা করবে, অন্যদিকে মৎস্যজীবী ও সংশ্লিষ্টদের অর্থনৈতিক কর্মকান্ডও গতিশীল হবে।
অনুষ্ঠানে ময়মনসিংহ সদর উপজেলা কৃষি অফিসার জুবায়রা সাথীসহ সংশ্লিষ্ট দপ্তরের কর্মকর্তা-কর্মচারী ও স্থানীয় গণ্যমান্য ব্যক্তিরা উপস্থিত ছিলেন।
সংশ্লিষ্টরা জানান, পোনা মাছ অবমুক্তকরণের মধ্য দিয়ে স্থানীয় জলাশয়গুলোতে দেশীয় মাছের উৎপাদন বৃদ্ধি, মৎস্যসম্পদের সংরক্ষণ এবং সাধারণ মানুষের জন্য মাছের প্রাপ্যতা বাড়ানোর উদ্যোগ নেওয়া হয়েছে। পাশাপাশি জলাশয়ের জীববৈচিত্র ও পরিবেশের ভারসাম্য রক্ষায় এ ধরনের কার্যক্রম গুরুত্বপূর্ণ ভূমিকা রাখবে বলে সংশিালষ্টরা মনে করছেন।পোনা মাছ অবমুক্তকরণ কার্যক্রমের মাধ্যমে ময়মনসিংহের বিভিন্ন জলাশয়ে মাছের উৎপাদন বৃদ্ধি ও মৎস্যসম্পদ সংরক্ষণে ইতিবাচক ভূমিকা রাখবে বলে আশা প্রকাশ করেন আয়োজকরা।

আরও খবর

Sponsered content