সারাদেশ

জেলা প্রশাসক গোল্ডকাপ ফুটবল টুর্নামেন্টে ত্রিশাল উপজেলাকে হারিয়ে চ্যাম্পিয়ন ঈশ্বরগঞ্জ

  স্টাফ রিপোর্টার ঃ ৪ সেপ্টেম্বর ২০২৬ , ৪:০৪:২৮ প্রিন্ট সংস্করণ

ময়মনসিংহ জেলা স্টেডিয়ামে অত্যন্ত জাঁকজমকপূর্ণ পরিবেশে শেষ হয়েছে জেলা প্রশাসক গোল্ডকাপ ফুটবল টুর্নামেন্টের সমাপনী ও পুরস্কার বিতরণ। শুক্রবার (৪ সেপ্টেম্বর) বিকেলে অনুষ্ঠিত ফাইনাল টুর্নামেন্টে ত্রিশাল উপজেলাকে ২-১ গোলে হারিয়ে টানা দ্বিতীয়বারের মতো চ্যাম্পিয়ন হয়েছে ঈশ্বরগঞ্জ উপজেলা। ময়মনসিংহ জেলা প্রশাসন ও জেলা ক্রীড়া সংস্থার যৌথ উদ্যোগে টুর্নামেন্টের সমাপনী অনুষ্ঠানে প্রধান অতিথি হিসেবে উপস্থিত থেকে পুরস্কার বিতরণ করেন দুর্যোগ ব্যবস্থাপনা ও ত্রাণ প্রতিমন্ত্রী এম ইকবাল হোসাইন। এসময় তিনি বলেন, নতুন প্রজন্মকে এগিয়ে নিয়ে যেতে খেলাধুলার বিকল্প নেই। এই ধরনের টুর্ণামেন্টগুলো দক্ষ খেলোয়াড় গড়ে তোলার প্ল্যাটফর্মস্বরূপ। পড়াশোনার পাশাপাশি সুস্থ মানসিক বিকাশের জন্য খেলাধুলার গুরুত্ব অপরিসীম। জেলা প্রশাসক গোল্ডকাপ ফুটবল টুর্নামেন্ট ময়মনসিংহের ফুটবলের উন্নয়নে অবদান রাখবে বলে তিনি আশাবাদ ব্যক্ত করেন। পরে তিনি উভয় দলের খেলোয়াড়দের সাথে পরিচিত হন ও হাত মেলান।
জেলা প্রশাসক ও জেলা ক্রীড়া সংস্থার সভাপতি মো: সাইফুর রহমান এর সভাপতিত্বে সমাপনী অনুষ্ঠানে বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন ময়মনসিংহ-৪ আসনের সংসদ সদস্য আবু ওয়াহাব আকন্দ ওয়াহিদ, ময়মনসিংহ-৭ ত্রিশাল আসনের সংসদ সদস্য ডা: মাহাবুবুর রহমান লিটন, ময়মনসিংহ-৮ ঈশ্বরগঞ্জ আসনের সংসদ সদস্য প্রকৌশলী লুৎফুল্লাহেল মাজেদ বাবু,
ময়মনসিংহ-৬ ফুলবাড়িয়া আসনের সংসদ সদস্য মোঃ কামরুল হাসান, ময়মনসিংহ সিটি কর্পোরেশনের প্রশাসক মোঃ রুকুনোজ্জামান রোকন, জেলা পরিষদের চেয়ারম্যান সৈয়দ এমরান সালেহ প্রিন্স, পুলিশ সুপার মোহাম্মদ কামরুল হাসান, জেলা ক্রীড়া সংস্থার সদস্য সচিব, এ.কে. এম মাহবুবুল আলম, জেলা ক্রীড়া সংস্থার সদস্য এনামুল হক আকন্দ লিটন প্রমুখ।
বর্ণাঢ্য ও জাঁকজমকপূর্ণ পরিবেশে আয়োজিত ফাইনাল ম্যাচ উপভোগ করতে ময়মনসিংহ জেলা স্টেডিয়ামে বিভিন্নস্তরের বিপুলসংখ্যক দর্শকের সমাগম ঘটে। ঈশ্বরগঞ্জ ও ত্রিশাল উভয় উপজেলার অগণিত সমর্থক খেলায় নিজ নিজ দলের খেলোয়াড়দের প্রতি করতালি, বিউগল বাজিয়ে ও উল্লসিত আবেগ প্রকাশের মাধ্যমে সমর্থন প্রকাশ করেন। অত্যন্ত উৎসবমুখর পরিবেশে টান টান উত্তেজনার মধ্যে অনুষ্ঠিত খেলার প্রতিটি মুহূর্ত দর্শকগণের নিকট অত্যন্ত উপভোগ্য হয়ে ওঠে।
সমাপনী অনুষ্ঠানে বিভাগীয় ও জেলা প্রশাসনের কর্মকর্তা, জেলা ক্রীড়া অফিসার আল আমিন, বিভাগীয় ও জেলা ক্রীড়া সংস্থার নেতৃবৃন্দ সহ ফুটবল ম্যাচ উপভোগ করতে শিক্ষক-শিক্ষার্থী, রাজনৈতিক ও সামাজিক নেতৃবৃন্দ, সুশীল সমাজের প্রতিনিধি, নগরীর বিভিন্ন শ্রেণী-পেশার নাগরিকসহ ইলেকট্রনিক ও প্রিন্ট মিডিয়ার সাংবাদিকবৃন্দ উপস্থিত ছিলেন।
জমজমাট ও উৎসবমুখর পরিবেশে বিপুলসংখ্যক দর্শক সমাপনী অনুষ্ঠান ও খেলা উপভোগ করেন।

আরও খবর

Sponsered content