স্টাফ রিপোর্টার ঃ ১১ সেপ্টেম্বর ২০২৬ , ১:১৯:৪৩ প্রিন্ট সংস্করণ
কৃষিতে নতুন উদ্যোক্তা তৈরিতে নিবিড় ভাবে কাজ করা হবে। প্রত্যেক উপজেলায় যেনো অন্তত ৫জন উদ্যোক্তা তৈরি হয়। সেই লক্ষে কৃষি ব্যাংকের কর্মকর্তারা গুরুত্ব দিয়ে কাজ করবে বলে জানিয়েছেন বাংলাদেশ কৃষি ব্যাংকের চেয়ারম্যান মোহাম্মদ নূরুল আমিন। শুক্রবার (১১ সেপ্টেম্বর) সকালে নগরের টাউন হল মুক্তমঞ্চে বাংলাদেশ কৃষি ব্যাংক ময়মনসিংহ বিভাগীয় কার্যালয়ের উদ্যোগে বাংলা কিউআর কোড, স্কুল ব্যাংকিং, নারী উদ্যোক্তা ঋণ ও প্রকাশ্যে ঋণ বিতরণ কার্যক্রমে প্রধান অতিথির বক্তব্যে তিনি এসব কথা বলেন। কৃষি কার্ড, ফ্যামিলি কার্ড এবং কিউআর কোড নিয়ে কৃষি ব্যাংক কাজ করছে জানিয়ে নূরুল আমিন বলেন, “বিশেষ করে ফ্যামিলি কার্ডের দায়িত্ব সরকার তিনটি ব্যাংককে দিয়েছে, এর মধ্যে কৃষি ব্যাংক। এটি আমাদের জন্য সরকারের একটি স্বীকৃতি। আমরা যে তা করতে পারি তার প্রমাণ। কিউআর কোডে আমরা অগ্রসর হচ্ছি। এর মধ্যে লক্ষাধিক অ্যাকাউন্ট রয়েছে।
বাংলাদেশ কৃষি ব্যাংক ময়মনসিংহ বিভাগীয় কার্যালয়ের মহা-ব্যবস্থাপক জামিল আহমেদের সভাপতিত্বে অনুষ্ঠানে ব্যাংকটির উপব্যবস্থাপনা পরিচালক আব্দুর রহিম, মোহাম্মদ খালেকুজ্জামান এবং ময়মনসিংহের অতিরিক্ত জেলা প্রশাসক (সার্বিক) গোলাম মাসুম প্রধান উপস্থিত ছিলেন।
পরে তারেক স্মৃতি অডিটোরিয়ামে বিভাগীয় সম্মেলনে শতভাগ সেবা নিশ্চিত করে সঠিক দায়িত্ব পালন করতে ব্যাংক কর্মকর্তাদের নির্দেশ দেন চেয়ারম্যান।
















