স্টাফ রিপোর্টার ঃ ৪ অক্টোবর ২০২৬ , ১:৫১:০০ প্রিন্ট সংস্করণ
আসন্ন শারদীয় দুর্গাপুজা-২০২৬ উদযাপন উপলক্ষে ময়মনসিংহ জেলার আইনশৃঙ্খলা ও নিরাপত্তা সংক্রান্তে এক মতবিনিময় সভা অনুষ্ঠিত হয়েছে। রবিবার (৪ অক্টোবর) সকাল ১১ টায় জেলা পুলিশ সুপারের কার্যালয় কনফারেন্স রুমে পুলিশ সুপারের আয়োজনে এ মতবিনিময় সভা অনুষ্ঠিত হয়।
পুলিশ সুপার মোহাম্মদ কামরুল হাসানের সভাপতিত্বে সভায় ময়মনসিংহ সদরসহ ১৪ থানার পূজা উদযাপন কমিটির সভাপতি, সাধারণ সম্পাদকসহ বাংলাদেশ হিন্দু বৌদ্ধ খ্রিষ্টান কল্যান ফ্রন্ট ময়মনসিংহ দক্ষিণ জেলা শাখার সভাপতি দেবব্রত দাস দুকুল, সাধারণ সম্পাদক সংগ্রান বর্মন ও বাংলাদেশ পূজা উদযাপন ফ্রন্ট কেন্দ্রিয় কমিটির (ময়মনসিংহ বিভাগীয়) সহ-সাংগঠনিক সম্পাদক ও ময়মনসিংহ মহানগর কমিটির আহবায়ক বিএনপি নেতা পার্থ সারথী সিনহা আপেল সহ অন্যান্য নেতৃবৃন্দ উপস্থিত ছিলেন।
সভায় জেলা পুলিশের উর্ধতন কর্মকর্তাগনসহ জেলার সকল থানার অফিসার ইনচার্জগণ ( ওসি)উপস্থিত ছিলেন। জেলা পুলিশের তথ্য অনুযায়ী এবার জেলার ১৪ থানা এলাকায় মোট ৮১৪ টি মন্ডপে পুজা উদযাপন অনুষ্ঠিত হবে। এর মধ্যে কোতোয়ালী মডেল থানা এলাকায় ১৩২, মুক্তাগাছায় ১১৪, ফুলবাড়িয়ায় ৭৩, ত্রিশালে ৬৯, ভালুকায় ৬৭, গফরগাঁওে ১০, পাগলায় ১১, গৌরীপুরে ৬৪, ঈশ্বরগঞ্জে ৫০, নান্দাইলে ৩০, ফুলপুরে ৪৮, হালুয়াঘাটে ৬১, ধোবাউড়ায় ৩৫ ও তারাকান্দায় ৫০ টি পূজামন্ডপে পূজা উদযাপন করা হবে।

















