স্টাফ রিপোর্টার ঃ ৪ সেপ্টেম্বর ২০২৬ , ৩:৫৫:২৩ প্রিন্ট সংস্করণ
নানা কর্মসূচির মধ্যদিয়ে উৎসব মুখর ও শান্তিপূর্ন পরিবেশে ময়মনসিংহে পরমেশ্বর ভগবান শ্রীকৃষ্ণের শুভ জন্মাষ্ঠমী উদযাপন করা হয়েছে। শুক্রবার (৪ সেপ্টেম্বর) বিকেলে নগরীর মদন বাবু রোডস্থ শ্রীশ্রী সার্বজনীন দুর্গামাতা মন্দিরের উদ্যোগে ধর্মীয় আলোচনা ও বর্ণাঢ্য আনন্দ শোভাযাত্রা অনুষ্ঠিত হয়।
শোভাযাত্রা পূর্বক আলোচনা সভায় প্রধান অতিথি হিসেবে বক্তব্য রাখেন ময়মনসিংহ সিটি কর্পোরেশনের প্রশাসক ও দক্ষিণ জেলা বিএনপির সদস্য সচিব মোঃ রুকুনোজ্জামান রোকন।
এসময় তিনি বলেন, আমরা অসাম্প্রদায়িক একটি বাংলাদেশ চাই। এখানে কোন ধর্মের ভেদাভেদ থাকবে না। যার যার ধর্ম সে সে পালন করবে। তিনি আরও বলেন, ধর্ম কোন রাজনীতির মধ্যে পরে না। সংখ্যালঘু বলতে কোন শব্দ নাই। এখানে সকল জাতি ধর্ম বর্ণ সবাই মিলে মিশে একসাথে বসবাস করছি। আমরা সবাই বাংলাদেশী। জন্মগত ভাবে এখানে সবারই সমান অধিকার। ৭১ সালে মহান মুক্তিযুদ্ধে হিন্দু মুসলিম আমরা সবাই যুদ্ধ করেছি রক্ত দিয়েছি। তাই আমরা বৈশম্যহীন বাংলাদেশ গড়তে চাই। আমাদের মাঝে থাকবে না কোন ভেদাভেদ। তিনি আরও বলেন, গত নির্বাচনে বিএনপিকে ভোট দিয়ে আপনারা আমাদের নির্বাচিত করেছেন। আমরা আপনাদের প্রতি কৃতজ্ঞ। আমরা যে কোন মূল্যে আপনাদের এই আস্থা এবং ভালোবাসা আমরা ধরে রাখব। আপনাদের উপর আমাদের দলের লোক যদি কোন সমস্যা সৃষ্টি করে তাহলে কোন সময়ই তাকে দল থেকে ক্ষমা করা হবে না। তিনি বলেন, আমরা ভোটের রাজনীতি করি না। মানুষকে ভালোবাসার রাজনীতি করি। আপনাদের ধর্মীয় যে কোন প্রয়োজন বলবেন আমরা তাৎক্ষনিক ব্যবস্থা নিব। আমরা আপনাদের পাশে আছি, ভবিষ্যতেও থাকব।
আনন্দ মোহন সরকারী কলেজের সাবেক অধ্যক্ষ প্রফেসর নারায়ণ চন্দ্র ভৌমিক এর সভাপতিত্বে এবং জয়ন্ত কুমার তালুকদার শিবুর সঞ্চালনায় আলোচনায় বিশেষ অতিথি হিসেবে বক্তব্য রাখেন মহানগর বিএনপির যুগ্ম আহবায়ক এনামুল হক আকন্দ লিটন। অনুষ্ঠানের শুরুতেই স্বাগত বক্তব্য রাখেন শ্রীশ্রী সার্বজনীন দুর্গামাতা মন্দিরের প্রতিষ্ঠাতা সভাপতি বাবু পুলক রায়। অনুষ্ঠানের সার্বিক ব্যবস্থাপনায় ছিলেন শ্রীশ্রী সার্বজনীন দুর্গামাতা মন্দিরের সাধারণ সম্পাদক শ্রী চন্দন কুমার ঘোষ। এসময় মন্দির কমিটির অন্যান্য নেতৃবৃন্দ সহ ভক্তবৃন্দ উপস্থিত ছিলেন।
আলোচনা শেষে মন্দির প্রাঙ্গণে বেলুন ও পায়ড়া উড়িয়ে বর্ণাঢ্য আনন্দ শোভাযাত্রার উদ্বোধন করেন ময়মনসিংহ সিটি কর্পোরেশনের প্রশাসক ও দক্ষিণ জেলা বিএনপির সদস্য সচিব মোঃ রুকুনোজ্জামান রোকন। আনন্দ শোভাযাত্রাটি মন্দির প্রাঙ্গণ থেকে শুরু হয়ে শহরের প্রধান প্রধান সড়ক প্রদক্ষিন করে একই স্থানে এসে শেষ হয়। এতে নতুন বাজারস্থ হরিজন পল্লীর ভক্তবৃন্দ, সাহেব কোয়ার্টার, কাটাখালীর ভক্তবৃন্দ, ৩১ নং ওয়ার্ডের ঋষিপাড়া শ্রী শ্রী কালী মন্দিরের ভক্তবৃন্দ, জুবলীঘাটস্থ শ্রীশ্রী মনসা মাতা মন্দিরের ভক্তবৃন্দ, বাংলাদেশ রবিদাস উন্নয়ন পরিষদ ময়মনসিংহ জেলা শাখার ভক্তবৃন্দ ও সর্বস্তরের সনাতনী ভক্তবৃন্দ নানা রঙে সজ্জিত হয়ে অংশ গ্রহণ করেন।
এর আগে প্রধান অতিথি ও বিশেষ অতিথিকে ফুল দিয়ে শুভেচ্ছা জানান মন্দির কমিটির নেতৃবৃন্দ।

















