স্টাফ রিপোর্টার ঃ ১৫ অক্টোবর ২০২৬ , ২:৪৫:০৪ প্রিন্ট সংস্করণ
ময়মনসিংহ গার্লস ক্যাডেট কলেজের আয়োজনে আন্তঃগার্লস ক্যাডেট কলেজ ক্রীড়া, নৃত্য প্রতিযোগিতা (আইজিসিসিএসএন্ডডিএম)-২০২৬ এর সমাপনী ও পুরস্কার প্রদান করা হয়েছে। বৃহস্পতিবার (১৫ অক্টোবর) গার্লস ক্যাডেট কলেজ মাঠে অনুষ্ঠানে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন মেজর জেনারেল মোঃ হাসান উজ জামান, এনডিইউ, এএফডবি¬উসি, পিএসসি, এমফিল, ইঞ্জিনিয়ার-ইন-চিফ, সেনাবাহিনী সদর দপ্তর, ঢাকা সেনানিবাস এবং বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন ডা. সুমাইয়া নাজমিন। এই প্রতিযোগিতার সমাপনী দিবসে উপস্থিত ছিলেন ফেনী ও জয়পুরহাট গার্লস ক্যাডেট কলেজের কর্মকর্তা ও অনুষদ সদস্যসহ অন্যান্য সামরিক ও বেসামরিক কর্মকর্তাবৃন্দ। বর্ণিল এ ক্রীড়া ও নৃত্য প্রতিযোগিতায় অত্যন্ত উৎসাহ-উদ্দীপনার মধ্য দিয়ে তিনটি গার্লস ক্যাডেট কলেজের ক্যাডেটরা অংশগ্রহণ করেন। উল্লেখ্য, গত ১১ অক্টোবর/২৬ সকাল সাড়ে ৮টায় অত্যন্ত আড়ম্বরপূর্ণ আয়োজনের মধ্য দিয়ে আন্তঃগার্লস ক্যাডেট কলেজ ক্রীড়া ও নৃত্য প্রতিযোগিতা (আইজিসিসিএসএন্ডডিএম)- এর শুভ উদ্বোধন ঘোষণা করেন কলেজের অধ্যক্ষ এবং এই কলেজের ১ম ব্যাচের প্রাক্তন কৃতী ক্যাডেট মিসেস মাহিনুর আক্তার। আন্তঃগার্লস ক্যাডেট কলেজ ক্রীড়া প্রতিযোগিতায় যৌথভাবে চ্যাম্পিয়ন ময়মনসিংহ গার্লস ক্যাডেট কলেজ ও জয়পুরহাট গার্লস ক্যাডেট কলেজ এবং ফেনী গার্লস ক্যাডেট কলেজ রানার্স-আপ হওয়ার গৌরব অর্জন করে। এছাড়া নৃত্য প্রতিযোগিতায় ময়মনসিংহ গার্লস ক্যাডেট কলেজ চ্যাম্পিয়ন এবং ফেনী গার্লস ক্যাডেট কলেজ রানার্স-আপ হওয়ার গৌরব অর্জন করে। প্রতিযোগিতায় সকল ক্ষেত্রে শৃঙ্খলার মান অক্ষুন্ন রেখে শৃঙ্খলায় সার্বিকভাবে বিজয়ী হয় ফেনী গার্লস ক্যাডেট কলেজ। সম্মানিত প্রধান অতিথি বিজয়ী ক্যাডেটদের মাঝে পুরস্কার প্রদান করেন এবং ক্রীড়াঙ্গনে উপস্থিত সকলের উদ্দেশ্যে বক্তব্য রাখেন। বক্তব্যে প্রধান অতিথি ক্যাডেটদের কঠোর পরিশ্রম ও অধ্যবসায়ের প্রশংসা করেন এবং আগত দিনে এই ধারা অব্যাহত রাখার জন্য উপদেশ দেন। ময়মনসিংহ গার্লস ক্যাডেট কলেজের তত্ত্বাবধানে উৎসবমুখর পরিবেশে আন্তঃগার্লস ক্যাডেট কলেজ ক্রীড়া ও নৃত্য প্রতিযোগিতা (আইজিসিসিএসএন্ডডিএম)/২৬-এর পরিসমাপ্তি ঘটে।

















