স্টাফ রিপোর্টার ঃ ২ অক্টোবর ২০২৬ , ৮:৩১:৫৭ প্রিন্ট সংস্করণ
শারদীয় দুর্গাপূজা উপলক্ষে আর্যধর্ম জ্ঞান প্রদায়িনী সভা, ধর্মসভা (দুর্গাবাড়ি) কর্তৃক আয়োজিত চিত্রাঙ্কন প্রতিযোগিতা অনুষ্ঠিত হয়েছে। প্রতিযোগিতায় ময়মনসিংহের সনাতন ধর্মাবলম্বী বিদ্যার্থীরা প্লেশ্রেণী থেকে দশম শ্রেণি পর্যন্ত ৬৬৬ জন শিক্ষার্থী বিভিন্ন বিষয়ের উপর চিত্রাঙ্কন প্রতিযোগিতায় অংশ গ্রহণ করেন। শুক্রবার (২ অক্টোবর) দুপুর ১২ টায় আর্যধর্ম জ্ঞান প্রদায়িনী সভা, ধর্মসভা (দুর্গাবাড়ি), ময়মনসিংহ মন্দির চত্বরে ৪ টি গ্রুপে এ প্রতিযোগিতা শঙ্খ বাজিয়ে শুরু করেন রামকৃষ্ণ মিশনের মহারাজ শ্রীমৎ স্বামী কল্যাণদা নন্দজী মহারাজ।
গ্রুপ সমুহ ক গ্রুপে প্লেথেকে দ্বিতীয় শ্রেণী শিক্ষার্থীদের বিষয় ছিল-ফুল, ফল, গ্রামীন দৃশ্য বা ধর্মীয় যেকোনো চিত্র (উন্মুক্ত), খ গ্রুপে তৃতীয় থেকে পঞ্চম শ্রেণী শিক্ষার্থীদের বিষয় ছিল-দুর্গা/লক্ষী/সরস্বতী/কার্তিক/গনেশ এর ছবি আঁকা। গ গ্রুপে ষষ্ঠ ও সপ্তম শ্রেণী শিক্ষার্থীদের বিষয় ছিল-শারদীয় দুর্গোৎসব। ঘ গ্রুপে অষ্টম থেকে দশম শ্রেণী শিক্ষার্থীদের বিষয় ছিল-দুর্গাবাড়ির দুর্গা মা। বেলা ১২টা থেকে ১টা পর্যন্ত এক ঘন্টা এ প্রতিযোগিতা অনুষ্ঠিত হয়। উৎসব মূখর পরিবেশে বিভিন্ন শিক্ষা প্রতিষ্ঠানের শিক্ষার্থীরা এ প্রতিযোগিতায় অংশ গ্রহণ করেন। প্রতিযোগিতায় অংশগ্রহণকারী সবাইকে শান্তনা পুরস্কার দেওয়া হয়। এছাড়া বিচারকদের বিচার প্রক্রিয়া শেষে বিকেল ৫টায় ৪টি গ্রুপের বিজয়ী ১২ জনকে পুরস্কৃত করা হবে। বিচারকের দায়িত্বে ছিলে শিল্পাচার্য জয়নুল আবেদিন সংগ্রহশালার উপ-কিপার মুকুল দত্ত, তাপস মজুমদার, পরিতোষ মজুমদার, অমৃত দাস। এছাড়া প্রতিগ্রুপে ১ম স্থান অধিকারীকে আড়ং এর গিফট ভাউচার সহ সকল অংশগ্রহণকারীকে পুরষ্কৃত করা হবে।
এসময় আর্যধর্ম জ্ঞান প্রদায়িনী সভা, ধর্মসভা (দুর্গাবাড়ি), মন্দির কমিটির সভাপতি প্রফেসর বিমল কান্তি দে, সাধারণ সম্পাদক শংকর সাহা সহ অন্যান্য নেতৃবৃন্দ ছাড়াও হিন্দু বৌদ্ধ খিস্টান ঐক্য পরিষদের সভাপতি এডভোকেট বিকাশ রায়, এডভোকেট প্রশান্ত কুমার দাস চন্দন, এডভোকেট তপন দে, এডভোকেট সজীব সরকার রোকন (এ.পি.পি. জজ কোর্ট ও এ.জি.এস. ময়মনসিংহ জেলা আইনজীবী সমিতি), স্বপন সেনগুপ্ত, অধ্যাপক জুয়েল রায় চৌধুরী, আমলাপাড়া মন্দির কার্য নির্বাহী কমিটির সাধারণ সম্পাদক স্বপন দাস সহ সনতান ধর্মালম্বী নেতৃবৃন্দ উপস্থিত ছিলেন। প্রতিযোগিতা সার্বিক ব্যবস্থাপনায়- দুর্গাবাড়ী বৈদিক বিদ্যালয়।
এর আগে চিত্রাঙ্কন প্রতিযোগিতায় অংশগ্রহণকারী বিদ্যার্থীদের নাম প্রদানের জন্য গত ৩০ সেপ্টেম্বর ২০২৬, বুধবার রেজিস্ট্রেশন সম্পন্ন করা হয়।

















