স্টাফ রিপোর্টার ঃ ১৫ সেপ্টেম্বর ২০২৬ , ৫:২৬:১০ প্রিন্ট সংস্করণ
ময়মনসিংহ মেডিকেল কলেজ হাসপাতালে অগ্নিকান্ডের পর পদদলিত হয়ে ছয়জনের মৃত্যুর খবর সঠিক নয় বলে জানিয়েছেন বিভাগীয় কমিশনার এস এম হুমায়ুন কবির সরকার। গত সোমবার (১৪ সেপ্টেম্বর) রাত সাড়ে ১২টার দিকে হাসপাতাল পরিদর্শন শেষে বিভাগীয় কমিশনার সাংবাদিকদের জানান, গণমাধ্যমে প্রকাশিত মৃত্যুর তালিকা প্রশাসন যাচাই করে দেখেছে, মৃতদের তালিকায় থাকা একজন ব্যক্তি জীবিত আছেন। আর দুজন স্বাভাবিক কারণে মারা গেছেন। তবে দুই জনের মৃত্যুর কারণ এখনও জানা যায়নি। আগুন লাগার খবর ছড়িয়ে পড়লে হুড়োহুড়ি ও আতঙ্কের কারণে কয়েকজন আহত হয়েছেন। হাসপাতাল কর্তৃপক্ষ, চিকিৎসক, জরুরি বিভাগ, ফায়ার সার্ভিস থেকে সকল তথ্য যাচাই করে পদদলিত হয়ে কেউ মারা যাওয়ার কোন প্রমান মিলেনি। তদন্ত করে তা বের করা হবে।
এবিষয়ে হাসপাতালের অধ্যাপক ডা গোলাম রহমান কে প্রধান করে ৫ সদস্যের তদন্ত কমিটি গঠন এবং ৩ কর্ম দিবসের মধ্যে প্রতিবেদন জমা দেয়ার নির্দেশ দেয়া হয়েছে ।
তদন্ত কমিটির অপর সদস্যরা হলেন হাসপাতালের সহকারী পরিচালক, ফায়ার সার্ভিসের সহকারী পরিচালক, গণপূর্ত বিভাগের নির্বাহী প্রকৌশলী ও গণপূর্ত বিভাগের বিদ্যুৎ বিভাগের প্রকৌশলী।
এরআগে সোমবার সন্ধ্যায় ময়মনসিংহ মেডিকেল কলেজ হাসপাতালের নতুন ভবনের অষ্টম তলায় লিফটের কন্ট্রোল রুম থেকে আগুনের সুত্রপাত ঘটে।

















