স্টাফ রিপোর্টার ঃ ১১ সেপ্টেম্বর ২০২৬ , ১:১৭:০৯ প্রিন্ট সংস্করণ
ময়মনসিংহ নগরীর আকুয়া বাইপাস মোড়ে ট্রাক ও সিএনজিচালিত অটোরিকশার সংঘর্ষে নারীসহ দুই যাত্রী নিহত হয়েছেন৷ এ ঘটনায় আহত হয়েছেন আরও পাঁচজন। এ ঘটনায় গুরুতর আহত ৭ বছরের এক শিশুসহ অটোরিকশা চালককে ময়মনসিংহ মেডিকেল কলেজ হাসপাতালে ভর্তি করা হয়েছে।
শুক্রবার (১১ সেপ্টেম্বর) সকাল ১০টার দিকে নগরীর ঢাকা বাইপাস এলাকায় এ দুর্ঘটনা ঘটে বলে ময়মনসিংহ কোতোয়ালি থানার ওসি মুহাম্মদ শিবিরুল ইসলাম জানান।
পুলিশ কর্মকর্তা বলেন, “ফুলবাড়িয়া উপজেলা থেকে অটোরিকশা নিয়ে চালক হারুন ঢাকা বাইপাস এলাকায় আসছিলেন। অটোরিকশাটিতে একই উপজেলার সোনিয়া, তার সাত বছরের ছেলে সাজিদ ও সাদেক নামের আরও এক যাত্রী ছিলেন। পথে বিপরীত দিক থেকে দ্রুতগতিতে আসা একটি ট্রাকের সঙ্গে অটোরিকশার সংঘর্ষ হয়। এতে অটোরিকশায় থাকা সাদেক ও সোনিয়া ঘটনাস্থলেই নিহত হন।”
এ সময় সোনিয়ার ছেলে সাজিদ ও অটোরিকশাচালক হারুন আহত হন। পরে স্থানীয়রা থানায় খবর দিলে পুলিশ এসে মরদেহ উদ্ধার করে মর্গে এবং আহতদের চিকিৎসার জন্য হাসপাতালে পাঠায় ওসি শিবিরুল ইসলাম জানিয়েছেন। তিনি বলেন, ঘটনার পর ট্রাক চালক পালিয়ে যায়। এ ঘটনায় আইনি প্রক্রিয়া শেষে পরিবারের কাছে মরদেহ হস্তান্তর করা হয়েছে।

















