স্টাফ রিপোর্টার ঃ ৩১ আগস্ট ২০২৬ , ৩:২৮:২৪ প্রিন্ট সংস্করণ
ময়মনসিংহ জেলার দায়িত্ব প্রাপ্ত মন্ত্রী বেসামরিক বিমান পরিবহন ও পর্যটন মন্ত্রণালয় মন্ত্রী এম রশিদুজ্জামান মিল্লাত এমপি ময়মনসিংহের সার্বিক উন্নয়নে সহযোগিতার আশ্বাস দিয়ে বলেন, কারো সহযোগিতা ছাড়া উন্নয়ন সম্ভব নয়। উন্নয়ন তখনই সম্ভব হবে যখন প্রশাসনের কর্মকর্তা এবং জনপ্রতিনিধিরা একত্রে বসে আলোচনা করে কাজগুলি করেন তাহলে সবকিছু করা সম্ভব। তিনি আরও বলেন, জনগণের উন্নয়ন ও জনবান্ধব কাজ করার লক্ষ্যে বর্তমান সরকার বদ্ধপরিকর। তার পরিপ্রেক্ষিতে আমরা যারা জনপ্রতিনিধি ও সরকারী কর্মকর্তা-কর্মচারী রয়েছি তাদের কিছু ত্যাগ স্বীকার করতে হবে। যার যার পরিধি থেকে জনকল্যাণে কাজ করতে হবে। সোমবার (৩১ আগষ্ট) সকালে জেলা প্রশাসক কার্যালয় সম্মেলন কক্ষে ময়মনসিংহ জেলার আইন-শৃঙ্খলা, মাদক নিয়ন্ত্রণ, সুশাসন, স্বচ্ছতা, জবাবদিহিতা নিশ্চিতকরণ এবং নির্বাচনী ইশতেহার বাস্তবায়ন, জনকল্যাণমূলক ও উন্নয়ন কার্যক্রম তদারকি সংক্রান্ত সমন্বয় সভায় প্রধান অতিথির বক্তব্যে তিনি এসব কথা বলেন। মন্ত্রী বিভিন্ন দপ্তরপ্রধান এবং জনপ্রতিনিধিদের উদ্দেশ্যে বলেন, ময়মনসিংহ জেলা আইন-শৃঙ্খলা রক্ষা, মাদক নিয়ন্ত্রণ, সুশাসন , স্বচ্ছতা ও জবাবদিহিতা নিশ্চিত করার পাশাপাশি নির্বাচনী ইশতেহার বাস্তবায়ন এবং জনকল্যাণমূলক ও উন্নয়ন কার্যক্রম সফল করা এই সমন্বয় সভার অন্যতম লক্ষ্য। আর এর জন্য প্রয়োজন প্রশাসন ও জনপ্রতিনিধিদের সম্মিলিত চেষ্টা। এছাড়া আমরা যদি আমাদের নির্বাচন ইশতেহার পূরণ করতে পারি তাহলে জনগণ তাদের প্রাপ্যতা বুঝে পাবে। একই সাথে সরকারের প্রতি জনগণের যে আশা আকাংখা রয়েছে তা পূর্ণতা পাবে। যদি আমরা আমাদের কাজগুলো সঠিকভাবে না করতে পারি তাহলে জনগণ আমাদের থেকে মুখ ফিরিয়ে নেবে।
তিনি আরো বলেন, জেলার সার্বিক আইন-শৃঙ্খলা পরিস্থিতি উন্নতি ও চলমান উন্নয়ন প্রকল্পসমূহের স্বচ্ছতা ও সুশাসনের সাথে নির্দিষ্ট সময়ের মধ্যে বাস্তবায়ন করার লক্ষ্যে আপনাদের আন্তরিকতা অত্যন্ত প্রয়োজন। আশা করব আপনারা আন্তরিকতা ও সততার মাধ্যমে আপনাদের দায়িত্বটুকু পালন করবেন। বিশেষ করে মাদক ও চোরাচালানোর ক্ষেত্রে আমাদের সর্বোচ্চ সতর্ক থাকতে হবে।
জেলা প্রশাসক মোঃ সাইফুর রহমান এর সভাপতিত্বে এবং অতিরিক্ত জেলা প্রশাসক (সার্বিক) রেজা মোঃ গোলাম মাসুম প্রধান এর সঞ্চালনায় অনুষ্ঠানে বিশেষ অতিথি হিসেবে বক্তব্য রাখেন ময়মনসিংহ-৪ সদর আসনের সংসদ সদস্য আবু ওয়াহাব আকন্দ ওয়াহিদ, সংসদ সদস্য জাকির হোসেন বাবলু, সংসদ সদস্য আক্তারুজ্জামান, সংসদ সদস্য লুৎফুল্লাহেল মাজেদ বাবু, সংসদ সদস্য কামরুল হাসান মিলন, সিটি কর্পোরেশনের প্রশাসক মোঃ রুকুনোজ্জামান রোকন, পুলিশ সুপার মোহাম্মদ কামরুল হাসান প্রমুখ।
সভাপতির বক্তব্যে জেলা প্রশাসক বলেন, এ জেলার আইন-শৃঙ্খলার উন্নয়ন এবং বিভিন্ন প্রকল্পসমূহের স্বচ্ছতা ও বাস্তবায়নের লক্ষ্যে জেলার সকল দপ্তর ও আইনশৃঙ্খলা বাহিনী একত্রে কাজ করে যাচ্ছে। ভবিষ্যতে কাজের শক্তি আরো প্রবল করে জনগণের স্বপ্ন বাস্তবায়ন করার আহ্বান জানান তিনি ।
এসময় সভায় জেলা উন্নয়ন কমিটির সংশ্লিষ্ট দপ্তরের প্রধানগণ, স্থানীয় জনপ্রতিনিধি, বিশিষ্ট ব্যক্তিবর্গসহ বিভিন্ন প্রিন্ট ও ইলেকট্রনিক মিডিয়ার সাংবাদিক বৃন্দ উপস্থিত ছিলেন।

















