রঞ্জন মজুমদার শিবু : ২৫ আগস্ট ২০২৬ , ১:২৩:৩৯ প্রিন্ট সংস্করণ
“ক্রীড়া হলে পেশা, পরিবার পাবে ভরসা” এই প্রতিপাদ্য নিয়ে ময়মনসিংহ জেলা প্রশাসন ও জেলা ক্রীড়া সংস্থার যৌথ উদ্যোগে ময়মনসিংহ জেলা স্টেডিয়ামে অত্যন্ত জাঁকজমকপূর্ণ পরিবেশে ‘জেলা প্রশাসক গোল্ডকাপ ফুটবল টুর্নামেন্ট ২০২৬ শুরু হয়েছে। ২৫ আগস্ট (মঙ্গলবার) বিকেলে বেলুন উড়িয়ে আনুষ্ঠানিক ভাবে টুর্নামেন্টের উদ্বোধন করেন ময়মনসিংহ-৪ আসনের সংসদ সদস্য আবু ওয়াহাব আকন্দ ওয়াহিদ। এসময় তিনি বলেন, নতুন প্রজন্মকে এগিয়ে নিয়ে যেতে খেলাধুলার বিকল্প নেই। মাদক থেকে দূরে রেখে খেলাধুলা শিশু-কিশোরদের মানসিক ও শারীরিক বিকাশে গুরুত্বপূর্ণ ভূমিকা রাখতে পারে। ছেলেদের পাশাপাশি মেয়েদেরকেও খেলাধুলায় উৎসাহ ও প্রয়োজনীয় সহায়তা প্রদানের মধ্য দিয়ে এগিয়ে নিয়ে আসতে হবে। প্রধানমন্ত্রীসহ বর্তমান সরকার দেশের ক্রীড়াঙ্গনকে এগিয়ে নিয়ে যেতে কাজ করে চলেছে। গোল্ডকাপ ফুটবল টুর্নামেন্টের এই আয়োজনকে যারা সফল করে তুলেছেন, তাদের সবাইকে শুভেচ্ছা ও অভিনন্দন জানান তিনি।
বিভাগীয় কমিশনার এস এম হুমায়ুন কবির সরকার এর সভাপতিত্বে উদ্বোধনী অনুষ্ঠানে বিশেষ অতিথি হিসেবে বক্তব্য রাখেন ময়মনসিংহ-০৬ ফুলবাড়িয়া আসনের সংসদ সদস্য মোঃ কামরুল হাসান, ময়মনসিংহ উন্নয়ন কর্তৃপক্ষ চেয়ারম্যান মোতাহার হোসেন তালুকদার, ময়মনসিংহ রেঞ্জের উপ মহা পুলিশ পরিদর্শক মোহাম্মদ জাহিদুল হাসান, বিপিএম-সেবা, পুলিশ সুপার, মোহাম্মদ কামরুল হাসান, জেলা ক্রীড়া সংস্থার সদস্য সচিব, এ.কে. এম মাহবুবুল আলম, জেলা ক্রীড়া সংস্থার সদস্য এনামুল হক আকন্দ লিটন প্রমুখ। অনুষ্ঠানের শুরুতেই স্বাগত বক্তব্য রাখেন জেলা প্রশাসক ও জেলা ক্রীড়া সংস্থার সভাপতি মো: সাইফুর রহমান।
সভাপতির বক্তব্যে ময়মনসিংহ বিভাগীয় কমিশনার বলেন, খেলাধুলা শৃঙ্খলাবোধের শিক্ষা দেয়। খেলাধুলার অগ্রগতির ক্ষেত্রে ময়মনসিংহ বিভাগের জেলাগুলোকে এগিয়ে নিয়ে যেতে প্রশাসনের সার্বিক সহযোগিতা অব্যাহত থাকবে।
উদ্বোধনী অনুষ্ঠানে বিভাগীয় ও জেলা প্রশাসনের কর্মকর্তা, জেলা ক্রীড়া অফিসার আল আমিন, বিভাগীয় ও জেলা ক্রীড়া সংস্থার নেতৃবৃন্দ সহ ফুটবল ম্যাচ উপভোগ করতে শিক্ষক-শিক্ষার্থী, রাজনৈতিক ও সামাজিক নেতৃবৃন্দ, সুশীল সমাজের প্রতিনিধি, নগরীর বিভিন্ন শ্রেণী-পেশার নাগরিকসহ ইলেকট্রনিক ও প্রিন্ট মিডিয়ার সাংবাদিকবৃন্দ উপস্থিত ছিলেন।
জমজমাট ও উৎসবমুখর পরিবেশে বিপুলসংখ্যক দর্শক উদ্বোধনী অনুষ্ঠান ও খেলা উপভোগ করেন। ফুটবল টুর্নামেন্টের উদ্বোধনী ম্যাচে ময়মনসিংহ সদর উপজেলা ২-১ গোলে গৌরীপুর উপজেলা দলকে পরাজিত করে জয়লাভ করে। আগামী ৪ সেপ্টেম্বর (শুক্রবার) ফাইনাল ম্যাচ অনুষ্ঠানের মধ্য দিয়ে জেলা প্রশাসক গোল্ডকাপ ফুটবল টুর্নামেন্ট-২০২৬ এর সমাপনী অনুষ্ঠিত হবে।













