স্টাফ রিপোর্টার ঃ ৩০ সেপ্টেম্বর ২০২৬ , ২:২৩:৪৮ প্রিন্ট সংস্করণ
দায়িত্ব গ্রহণের ৬ মাসের মধ্যে নগরীর বিভিন্ন সমস্যা, প্রত্যাশা, উন্নয়ন ও সম্ভাবনা নিয়ে প্রশ্ন ও উত্তর পর্বে জনতার মুখোমুখি হয়েছেন ময়মনসিংহ সিটি করপোরেশনের (মসিক) প্রশাসক মো. রুকুনোজ্জামান রোকন। এ সময় অর্ধ শতাধিক নাগরিক ও সাংবাদিকের বিভিন্ন প্রশ্নের উত্তরে নাগরিক সমস্যার সামাধান এবং প্রয়োজনীয় উন্নয়নের আশ্বাস দেন তিনি।
বুধবার (৩০ সেপ্টেম্বর) বেলা ১১টা থেকে দুপুর দেড়টা পর্যন্ত প্রথমবারের মতো ময়মনসিংহ সিটি কর্পোরেশনের প্রশাসক নগরীর টাউন হল অডিটোরিয়ামে ব্যতিক্রমী এ অনুষ্ঠানের আয়োজন করেন। এ সময় জনতার প্রশ্নের উত্তরে প্রশাসক রুকুনোজ্জামান রোকন বলেন, ইতিমধ্যে সিটি কর্পোরেশনের নাগরিক সেবার কার্যক্রমে ডিজিটালাইজেশন শুরু হয়েছে। পর্যায়ক্রমে আমরা চেষ্টা করবো যানবাহন নিয়ন্ত্রণে ডিজিটাল কার্যক্রম পরিচালনা করতে। মসিক প্রশাসক যানজট নিরসন ও ময়লা নিস্কাশনে এখনো পরিপূর্ণ সফলতা মিলেনি স্বীকার করে বলেন, নগরবাসীর সহযোগিতায় যানজট সহনীয় করতে অবৈধ যান নিয়ন্ত্রণ করতে চাই। পাশাপাশি বাসা-বাড়ির ময়লা আবর্জনা যত্রতত্র না ফেলতে নাগরিকদের সচেতন দায়িত্ববোধ আশা করছি।
সিটি কর্পোরেশনের প্রধান নির্বাহী কর্মকর্তা (ভারপ্রাপ্ত) সুমনা আল মজীদ এর সঞ্চালনায় অনুষ্ঠানে সিটি কর্পোরেশনের বিভিন্ন দপ্তরের কার্যক্রম তুলে ধরেন প্রধান প্রকৌশলী মোঃ রফিকুল ইসলাম মিঞা, প্রধান ভান্ডার ও ক্রয় কর্মকর্তা এ এইচ এম আরিফুল ইসলাম, পরিবহন বিভাগের মহাব্যবস্থাপক মোহাম্মদ রাজীব-উল-াাহসান, প্রধান স্বাস্থ্য কর্মকর্তা ডাঃ এইচ কে দেবনাথ, আঞ্চলিক নির্বাহী কর্মকর্তা শেখ জাহিদ হাসান প্রিন্স, প্রধান হিসাব রক্ষণ কর্মকর্তা অসীম কুমার সাহা প্রমুখ। এসময় সিটি কর্পোরেশনের কর্মকর্তা, বিভিন্ন রাজনৈতিক, সামাজিক ও সাংস্কৃতিক সংগঠনের নেতৃবৃন্দ, সাধারণ নগরবাসী ও বিভিন্ন প্রিন্ট ও ইলেকট্রনিক মিডিয়ার সাংবাদিক বৃন্দ উপস্থিত ছিলেন।

















