স্টাফ রিপোর্টার ঃ ৪ সেপ্টেম্বর ২০২৬ , ৪:০২:০২ প্রিন্ট সংস্করণ
নানা কর্মসূচির মধ্যদিয়ে উৎসব মুখর ও শান্তিপূর্ন পরিবেশে ময়মনসিংহে পরমেশ্বর ভগবান শ্রীকৃষ্ণের শুভ জন্মাষ্ঠমী উদযাপন করা হয়েছে। শুক্রবার (৪ সেপ্টেম্বর) বিকেলে নগরীর মহারাজা রোডস্থ শ্রীশ্রী কানাই বলাই বিগ্রহ মন্দির হরিনাম সংকীর্তন উৎসব কমিটির উদ্যোগে ধর্মীয় আলোচনা ও বর্ণাঢ্য আনন্দ শোভাযাত্রা অনুষ্ঠিত হয়।
শোভাযাত্রা পূর্বক আলোচনা সভায় প্রধান অতিথি হিসেবে বক্তব্য রাখেন ময়মনসিংহ সিটি কর্পোরেশনের প্রশাসক ও দক্ষিণ জেলা বিএনপির সদস্য সচিব মোঃ রুকুনোজ্জামান রোকন।
এসময় তিনি বলেন, আমরা অসাম্প্রদায়িক একটি বাংলাদেশ চাই। এখানো কোন ধর্মের ভেদাভেদ থাকবে না। যার যার ধর্ম সে সে পালন করবে। তিনি আরও বলেন, ধর্ম কোন রাজনীতির মধ্যে পরে না। তিনি বলেন, সংখ্যা লঘু বলতে কোন শব্দ নাই। এখানে সকল জাতি ধর্ম বর্ণ সবাই মিলে মিশে একসাথে বসবাস করছি। আমরা সবাই বাংলাদেশী। জন্মগত ভাবে এখানে সবারই সমান অধিকার। ৭১ সালে মহান মুক্তিযুদ্ধে হিন্দু মুসলিম আমরা সবাই যুদ্ধ করেছি। তাই আমরা বৈশম্যহীন বাংলাদেশ গড়তে চাই। আমাদের মাঝে থাকবে না কোন ভেদাভেদ।
শ্রীশ্রী কানাই বলাই বিগ্রহ মন্দির হরিনাম সংকীর্তন উৎসব কমিটির সভাপতি শ্রী শীতেশ পাল এর সভাপতিত্বে এবং সাধারণ সম্পাদক শ্রী উত্তম ঘোষ এর সঞ্চালনায় আলোচনায় আরো বক্তব্য রাখেন মন্দির কার্যকরী কমিটির সভাপতি এডভোকেট বাধন কুমার গোস্বামী, সহ-সভাপতি ইঞ্জিনিয়ার দীপক মোদক, মন্দির কার্যকরী কমিটির সাংগঠনিক সম্পাদক ও হিন্দু বৌদ্ধ খ্রিস্টান কল্যাণ ফ্রন্ট ময়মনসিংহ দক্ষিণ জেলা শাখার সভাপতি বাবু দেবব্রত দাস দুকুল, সাধারণ সম্পাদক বাবু সংগ্রাম বর্মণ, বাংলাদেশ পূজা উদযাপন ফ্রন্ট কেন্দ্রিয় কমিটির (ময়মনসিংহ বিভাগীয়) সহ-সাংগঠনিক সম্পাদক ও ময়মনসিংহ মহানগর কমিটির আহবায়ক বিএনপি নেতা পার্থ সারথী সিনহা আপেল প্রমুখ। এসময় মন্দির কমিটির অন্যান্য নেতৃবৃন্দ সহ ভক্তবৃন্দ উপস্থিত ছিলেন।
আলোচনা শেষে মন্দির প্রাঙ্গণ থেকে বর্ণাঢ্য আনন্দ শোভাযাত্রা শুরু হয়ে শহরের প্রধান প্রধান সড়ক প্রদক্ষিন করে একই স্থানে এসে শেষ হয়। এতে নানা রঙে সজ্জিত হয়ে ভক্তবৃন্দ অংশ গ্রহণ করেন।
















