স্টাফ রিপোর্টার ঃ ৩১ আগস্ট ২০২৬ , ৩:৩১:১৫ প্রিন্ট সংস্করণ
নজরুল বর্ষ উদযাপন উদ্বোধন উপলক্ষে আলোচনা ও সাংস্কৃতিক অনুষ্ঠান ও পুরস্কার বিতরণ করা হয়েছে। সোমবার (৩১ আগষ্ট) সকালে ময়মনসিংহ সদর উপজেলা প্রশাসনের আয়োজনে উপজেলা পরিষদের ব্রহ্মপুত্র হলরুমে এ আলোচনা সভা অনুষ্ঠিত হয়। এতে জাতীয় কবি কাজী নজরুল ইসলামের জীবন, সাহিত্য, সংগীত, সাম্য, মানবতা ও অসাম্প্রদায়িক চেতনা নিয়ে আলোচনা করা হয়।
সদর উপজেলা নির্বাহী অফিসার আরিফুল ইসলাম এর সভাপতিত্বে আলোচনা সভায় সহকারী কমিশনার (ভূমি) সৈয়দা তামান্না হুরায়রা, উপজেলা প্রাথমিক শিক্ষা অফিসার মনিকা পারভীন সহ উপজেলা প্রশাসনের কর্মকর্তা বৃন্দ বক্তব্য রাখেন।
আলোচনা সভায় বক্তারা বলেন, কাজী নজরুল ইসলাম শুধু বিদ্রোহের কবি নন, তিনি সাম্য, মানবতা, অসাম্প্রদায়িকতা ও শোষণ-বঞ্চনার বিরুদ্ধে সোচ্চার এক অনন্য সাহিত্যিক। তাঁর সাহিত্য ও সংগীত আজও সমাজে ন্যায়, সাম্য ও মানবিক মূল্যবোধ প্রতিষ্ঠার ক্ষেত্রে গুরুত্বপূর্ণ অনুপ্রেরণা হিসেবে কাজ করছে।
বক্তারা আরও বলেন, নজরুলের সৃষ্টিকর্ম নতুন প্রজন্মের কাছে তুলে ধরতে নিয়মিত সাহিত্যচর্চা, সংগীত, আবৃত্তি ও সাংস্কৃতিক আয়োজনের প্রয়োজন রয়েছে। নজরুল বর্ষ উদযাপনের মাধ্যমে তাঁর জীবন, কর্ম ও দর্শন সম্পর্কে তরুণ প্রজন্মকে আরও বেশি জানার সুযোগ তৈরি হবে।
অনুষ্ঠানে ‘শতকণ্ঠে নজরুল বর্ষ-২০২৬’-এর শুভ উদ্বোধন করা হয়। শতকণ্ঠে নজরুলের গান ও কবিতা পরিবেশনের পাশাপাশি নজরুলসংগীতসহ বিভিন্ন সাংস্কৃতিক পরিবেশনা অনুষ্ঠিত হয়। এ সময় রাজনৈতিক ব্যক্তিবর্গ, শিক্ষাপ্রতিষ্ঠানের প্রধান, শিক্ষক-শিক্ষার্থী ও সরকারি কর্মকর্তা-কর্মচারীরা উপস্থিত ছিলেন। এর আগে উপজেলা পরিষদ প্রাঙ্গণে বেলুন উড়িয়ে নজরুল বর্ষের উদ্বোধন করেন সদর উপজেলা নির্বাহী অফিসার আরিফুল ইসলাম।

















